আমার অনুপ চেটিয়া দাও তোমার নূর হোসেন নাও

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ০২:১৮

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ফেরত দিতে সম্মত হয়েছে উলফা নেতা অনুপ চেটিয়ার বদলে। সীমান্ত হত্যা বন্ধেও সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। মানবপাচার রোধে সই হয়েছে সমঝোতা স্মারক।

ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের দুই দিনের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব অনীল গোস্বামী। গোস্বামী একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সীমান্তে কোনো অপরাধী ধরা পড়লে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হবে। তবে আত্মরক্ষার অধিকার সবার আছে। তাই এক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে।''

তাঁর কথায়, ‘‘এছাড়াও মানবপাচার রোধে একটি সমঝোতা স্মারকে সই করেছে দেশ দুটি। বাংলাদেশের মন্ত্রিসভা এরই মধ্যে এই সমঝোতা স্মারক অনুমোদন করেছে। ভারতের মন্ত্রিসভাতেও তা অনুমোদ পাবে।''

বাংলাদেশের পররাষ্ট্রসচিব ড. মোজ্জামেল হক খান সাংবাদিকদের জানান, চেটিয়া বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। তবে এখন তিনি ভারতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর বাংলাদেশ তাঁকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে সদিচ্ছার কথা জানিয়েছে ভারতকে। বাংলাদেশ অনুপ চেটিয়াকে ফেরত পাঠাতে প্রস্তুত। নারায়নগঞ্জের সেভেন মার্ডার মামলার আসামী নূর হোসেনকে ফিরিয়ে আনা সম্পর্কে তিনি বলেন, “যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নূর হোসেনকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছে ভারত।'' তবে শুধু নূর হোসেন নয়, ভারতে পালিয়ে থাকা অন্য আসামিদেরও বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছে ভারত। বঙ্গবন্ধুর খুনিদের কেউ ভারতে থাকলে তাঁদের বাংলাদেশের কাছে ফেরত দেয়া হবে।