বাগেরহাটে আওয়ামী লীগ নেতা খুন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৪০

বাগেরহাটের মোরেলগঞ্জে মোজাম্মেল হোসেন ওরফে মোজাম সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে এই ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বৃস্পতিবার সকালে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা  মোজাম্মেল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
নিহত মোজাম্মেল হোসেন সিকদার মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জিউধরা গ্রামের হাসেম আলী সিকদারের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের গফুর তালুকদারের ছেলে কাদের তালুকদার (৫৫), একই গ্রামের সোহরাব হোসেন মৃধার ছেলে মৃধা রেজাউল করিম (২৮) এবং আসমত আলী মৃধার ছেলে শাহজাহান মৃধা (৫৪)।
নিহতের বড় ছেলে হাসান সিকদার বলেন, ৮০ একর জমি নিয়ে তার বাবা মোজাম্মেল হোসেনের সঙ্গে আট বছর ধরে প্রতিবেশি শাহজাহান, রেজাউলসহ বেশ কয়েকজনের বিরোধ চলে আসছে। এই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বাবা মৃত্যুর আগে ওই পাঁচজনের নাম বলে গেছে বলে তিনি দাবি করেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান বলেন, নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।