অবৈধ সম্পদ অর্জন

এমপি আসলামুলের অভিযোগ নথিভুক্তির সুপারিশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৯:১৮
 
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নথিভুক্তির (অব্যাহতি) সুপারিশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী কর্মকর্তা। দীর্ঘ আট মাস এমপি আসলামুল হকের অবৈধ সম্পদের অনুসন্ধানে অভিযোগ প্রমাণরে কিছু না পাওয়ায় বৃহস্পতিবার অনুসন্ধানকারী কর্মকর্তা এ প্রতিবেদন দাখিল করেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অনুসন্ধান করেছেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক শেখ মেসবাহ উদ্দিন।
দুদক সূত্র জানায়, হলফনামায় দেওয়া সম্পদের তথ্যের সূত্র ধরে দুদক এ অভিযোগ অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান পর্যায়ে দুদক কর্মকর্তা সরেজমিনে এমপি আসলামুল হকের নির্বাচনীয় এলাকা পরিদর্শন করেন। এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট ও আয়কর নথিও পর্যালোচনা করা হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে পরিবারসহ আসলামুল হককে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করে দুদক। আসলামুল হক তার সম্পদের বিবরণী কমিশনে দাখিল করলে অনুসন্ধানকারী কর্মকর্তা তা যাচাই-বাছাই করে কোনো অবৈধ সম্পদের খোঁজ পাননি। কমিশন অনুমোদন দিলে এমপি আসলামুল হকের এ অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হবে।