ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি (ইসি)।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালাতেও ইভিএম ব্যবহারের বিধান অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত হয় এ বৈঠকে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, ‘বৈঠকে ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। তবে কবে থেকে তা ব্যবহার করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। ইভিএমগুলো ত্রুটিমুক্ত করে রাখতে আইটি শাখাকে নির্দেশ দেয়া হয়েছে।’
স্থানীয় সরকারের পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা সংশোধন করে ইভিএম ব্যবহারের পথ প্রশস্ত করে কমিশন। এখন ইউনিয়ন নির্বাচনেও বিধানটি যুক্ত করলে সব স্থানীয় নির্বাচনেই যন্ত্রের মাধ্যমে ভোট নিতে পারবে কমিশন।
২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সর্বপ্রথম এই যন্ত্রের মাধ্যমে ভোট নেয় ইসি। সে সময় একটি ওয়ার্ডে ১৩০টি মেশিন ব্যবহার করে ব্যাপক সাফল্য পায় বিগত কমিশন। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে ইভিএম কোনো বড় নির্বাচনেই ব্যবহার করা হচ্ছে না।
