সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫০
 
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার দুদকের এক কর্মকর্তা জানান, সাবেক মন্ত্রী রুহুল হক অবৈধ সম্পদ অর্জন করেছেন যা  ২৭(১) ধারায় অপরাধ। দুদক আইনে  এই ধারায় অপরাধ প্রমাণিত হলে ৭ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তা কমিশনে এ প্রতিবেদন দাখিল করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রুহল হকের প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। এই সম্পদের সঙ্গে তার আয়ের সম্পর্ক নেই। এদিকে রুহুল হকের সম্পদের প্রতিবেদন দাখিল করা হলেও তার স্ত্রী ইলা হক এবং ছেলে জিয়াউল হকের সম্পদের প্রতিবেদনের কাজ শেষ হয়নি বলে কমিশন সূত্র জানিয়েছে।
দুদক সূত্র আরো জানায়, গত ৭ মাস অনুসন্ধানে দুদক রাজউক, জেলা রেজিস্ট্রার দপ্তর, সাব-রেজিস্ট্রি, ভূমি অফিস, ডাক বিভাগ, জয়েন্ট স্টক কোম্পানি, স্টক এক্সচেঞ্জ, জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক, বীমা, লিজিং কোম্পানিসহ প্রায় ২৫টি প্রতিষ্ঠানে অনুসন্ধান চালিয়ে রুহুল হকের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার সম্পদের হদিস পায়। এরপর এ প্রতিবেদন তৈরী করা হয়। অপর দিকে এ প্রতিবেদন কমিশনের জমা দেয়ার পরপরই তা পুনরাই যাছাই করা শুরু হয়েছে। স্বচ্ছতার জন্য এ প্রতিবেদনের কয়েকটি দিক সংশ্লিষ্ট কর্মকর্তাকে পুনরায় যাছাই করতে বলেছে কমিশন। পুন:যাছাইয়ের পর এসব সম্পদের অস্তিত্ব পেলে তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেবে কমিশন।
উল্লেখ্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার স্ত্রী-পুত্রের অবৈধ সম্পদের অভিযোগটি অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম।