ধর্ষণ-হত্যায় তিন জনের ফাঁসি বহাল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ২১:২৭
 
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে করা মামলায় নিন্ম আদালতের দেয়া তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট।
ডেথ রেফারেন্স ও দুই আসামির আপিল আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আব্দুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। রায়ে তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে ‍মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশে অনুমোদন দেয়া হয়।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামি হলেন, সাদ আহমেদ, রুহুল আমিন ও আতিক। এদের মধ্যে সাদ ও রুহুল কারাগারের কনডেম সেলে রয়েছেন।
জানা গেছে, ২০০৬ সালের ২৮ নভেম্বর সিলেটের গোলাপগঞ্জের নলুয়া হাওড় এলাকার একটি কাশবনে ১২-১৩ বছরের একটি মেয়ের লাশ পাওয়া যায়। পরিচয় জানতে না পারায় আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফন করে। ওই ঘটনায় গোলাপগঞ্জ থানার এসআই তাপস সরকার একটি এজাহার দায়ের করেন। পরে তদন্ত করে মেয়েটির পরিচায় পাওয়ার পাশাপাশি ধর্ষণের ঘটনায় জড়িত তিন আসামিকে চিহ্নিত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।