শান্তিপূর্ণ আন্দোলনে নির্বাচন আদায় করে ছাড়ব : আব্বাস

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ১০:০৪
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সরকারের পতন ঘটাতে চাইলে যার যার এলাকায় গিয়ে সংগঠন গোছান, আন্দোলনের প্রস্তুতি নিন। সরকার যতোই উস্কানি দিক না কেন তাতে আমরা পা দেব না। শান্তিপূর্ণ আন্দোলনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ক্ষমতাসীনদের বাধ্য করে অরেকটি নতুন নির্বাচনের দাবি আদায় করে ছাড়ব।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা প্রজন্ম ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনাসভায়  বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।  মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ এর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির শিল্প বিষয়ক সহ-সম্পাদক শাহাজাদা মিয়া, মুক্তিযুদ্ধের প্রজন্মের সহ-সভাপতি এ কে আজাদ, এস এম রিয়েল নোমান প্রমুখ।