চকবাজার ট্রাজেডি: সোনাইমুড়িতে আরও একজনের দাফন সম্পন্ন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৭

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নোয়াখালীর সোনাইমুড়িতে আরও একজনের দফন সম্পন্ন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের মীর্জানগর গ্রামে নিহত আনোয়ার হোসেন মঞ্জুকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এছাড়া ওই ঘটনায় নিখোঁজ একই গ্রামের জাফর আহমদের (৫০) লাশ শনাক্ত করেছেন নিহতের স্বজনরা। এ তথ্য নিশ্চিত করেছন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ।

নিহত আনোয়ার হোসেন মঞ্জু মীর্জানগর গ্রামের আব্দুর রহিম বিএসসির ছেলে। জাফর আহমদ একই গ্রামের সোলাইমানের ছেলে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ জানান, চকবাজারের ফার্মেসি ব্যবসায়ী আনোয়ার হোসেন মঞ্জু অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে আনোয়ার হোসেনের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে তার লাশ শনাক্ত করেন। বিকেলে তার লাশ মীর্জানগর তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এবং সন্ধ্যায় তার দাফন সম্পন্ন করা হয়।

আরো পড়ুন: সাতক্ষীরা থেকে সাইকেলে রাজশাহীর পথে ৮১ বছরের জয়নাল

ওসি আরো জানান, শনিবার বিকেলে জাফর আহমদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার স্বজনরা। তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। রবিবার সকালে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনাইমুড়িতে এ পর্যন্ত ১১ জনের দাফন সম্পন্ন হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ জন। এছাড়া বেগমগঞ্জে ২ জন ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১ জনসহ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ জন।

ইত্তেফাক/বিএএফ