মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৫ পুলিশ আহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮

সাভারে মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে তাদের হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে এ হামলার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

এ সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে পাঁচশ পুড়িয়া হেরোইন, দুইশ পঞ্চান্ন পিস ইয়াবা এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক শহীদুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক ফয়সাল, কনস্টেবল লিমা খাতুন, শওকত ও মামুন। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
  
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সাভারের আউকপাড়া এলাকার ব্যবসায়ী নূর হোসেন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আটক নূর হোসেনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী নূর হোসেনসহ শাহ আলম, রোকেয়া, আনোয়ারা, সালমা ও হোসনেআরাকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। 

আরো পড়ুন: বিয়ের পিঁড়িতে বসছেন সানাই! 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতেই আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/অনি