যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইমান আলী (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বৃহস্পতিবার। তার মৃত্যুর চার ঘণ্টা পরও মৃত্যু সনদপত্র না পেয়ে ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে কেবিন ভাঙচুর করেছেন। এ প্রসঙ্গে মৃত ইমান আলীর মেয়ে হাফিজা বেগম সাংবাদিদের বলেন, হাসপাতালে ঘুরে চিকিত্সক না পাওয়ায় বাবার মৃত্যু সনদ পাননি তাঁরা। এ কারণে বাবার লাশও নিতে পারছিলেন না।
হাসপাতাল আনসার কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৃত্যু সনদের কারণে লাশ নিতে না পারায় স্বজনেরা ক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১১ টার দিকে ওই কেবিনে ভাঙচুর চালান।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ক্যান্সারে আক্রান্ত ইমান আলী সাড়ে তিন মাস আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫৩ নম্বর কেবিনে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
