পল্লীতে ফেরার চেষ্টা যৌন কর্মীদের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ০২:৩৯

টাঙ্গাইলের একটি পল্লী থেকে যৌনকর্মীদের উচ্ছেদ করা হয় এ বছরের জুলাই মাসে। পরিস্থিতি শান্ত হয়ে এলে তারা আবার আগের জায়গাটিতে ফিরে আসতে শুরু করে। ফলে সেখানে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাদেরকে উচ্ছেদের দাবিতে 'অসামাজিক প্রতিরোধ কমিটি'র ব্যানারে কয়েকশ লোক বৃহস্পতিবার টাঙ্গাইল শহরে বিক্ষোভ করেছে।

যৌনকর্মীদের সংগঠন নারী মুক্তি সংগঠনের প্রেসিডেন্ট আকলিমা বেগম আঁখি সাংবাদিকদের বলেন, দু’দিন হলো দু’শো থেকে আড়াইশ যৌন কর্মী পল্লীতে ফিরে এসেছেন। আকলিমা জানান, তাদের ফিরে আসায় সহযোগিতা করছে প্রশাসন। প্রচুর সংখ্যক পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে বলেও তিনি জানান। তিনি বলেন, “শুধু মেয়র এখানে থাকতে না বলছে, হুজুররা মিছিল করছে, কিন্তু প্রশাসন প্রোটেকশন দিয়ে তাদেরকে বন্ধ করেছে”। যৌন কর্মীরা ‘বিপদ এবং কষ্টের’ মধ্যে আছে বলেও জানান তিনি।

আকলিমা বেগম বলেন, নিরাপত্তার নিশ্চয়তা না থাকা সত্ত্বেও অনেকে পল্লীতে ফিরে এসেছেন, কারণ এখানে সাড়ে তিন একরেরও বেশি জমি যৌন কর্মীদের রয়েছে। “যৌন কর্মীরা এখানে ২০০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছে, এটার জন্য তারা লড়াই করবে না?” তিনি বলেন। ‘আমার অধিকার যদি আমি আদায় না করি, আপনি কি পারবেন আমার অধিকার আমদের দিয়ে দিতে?’