'১০ জন মেয়ে শিশুর একজন যৌন নির্যাতনের শিকার'

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ১২:৪০

বয়স ২০ হতে না হতেই সারা পৃথিবীতে প্রতি ১০ জন মেয়ে শিশুর একজন ধর্ষিত অথবা যৌন নির্যাতনের শিকার হয়। এক প্রতিবেদনে এমনই তথ্য জানালো জাতিসংঘ। খবর বিবিসির।
সারা পৃথিবীতে মোট ১২০ মিলিয়ন বা ১২ কোটি মেয়ে শিশু নির্যাতনের শিকার বলেও জানিয়েছে প্রতিবেদনটিতে। ১৯০টি দেশের তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা করে জাতিসংঘ এই প্রতিবেদন তৈরি করে। একসঙ্গে এতগুলো দেশের তথ্যের উপর ভিত্তি করে শিশুদের বিষয়ে এমন কোন প্রতিবেদন এর আগে প্রকাশিত হয়নি।
জাতিসংঘের শিশু বিষয়ক প্রতিষ্ঠান ইউনিসেফের নির্বাহী পরিচালক এন্থনি লেক মন্তব্য করেন- সব শ্রেণির শিশুরা সহিংসতার শিকার হয়। প্রতিবেশী, আত্মীয়-স্বজন, শিক্ষক, অচেনা ব্যক্তি ছাড়াও এমনকি পরিবারের ঘনিষ্ঠ মানুষদের দ্বারাও এসব ঘটনা ঘটে। ইউনিসেফ জানিয়েছে, কেবল ২০১২ সালেই মোট ৯৫ হাজার শিশু ও কিশোর কিশোরী খুন হয়েছে। সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে ল্যাটিন অ্যামেরিকা ও ক্যারিবিয় দেশগুলোতে। জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের প্রতি দশজনের মধ্যে ৬ জনকেই শারীরিকভাবে শাস্তি দেয়া হয়।