মাওয়ায় দুইপাড়ে ৩'শ যান আটকা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ১৪:২৬

মাওয়া-কাওড়াকান্দিতে ৭৭ ঘণ্টা পর রো রো ফেরি চালু হওয়ায় এখন ১৪টি ফেরি চলাচল করছে। তবে এখনও স্রোতের কারণে ফেরিগুলো চলাচলে সমস্যা হচ্ছে। আজ শুক্রবার দুই পাড়ে ৩'শ যান ছিল পারাপারের অপেক্ষায়।
মাওয়ায় নতুন করে ৩ নম্বর ফেরি ঘাট স্থাপনের পর বৃহস্পতিবার রাতে রো রো ফেরি চলতে শুরু করেছে।
বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের ম্যানেজার সিরাজুল হক জানান, সোমবার পদ্মায় দ্বিতীয় বারের মত বিলীন হওয়া রো রো ঘাটটি আগের ৩নং ফেরি ঘাটের ১'শ ফুট পূর্বে স্থাপন করা হয়। এরপরই রো রো ফেরি যান পারাপার করছে। তাই মাওয়ায় এখন চলাচাল করছে ১৪টি ফেরি। পদ্মা বেশি উত্তাল থাকায় কয়েকদিন ধরে বসে থাকা ফেরি কর্ণফুলী চলতে শুরু করেছে। ফেরি ঢাকা পরিস্থিতি বুঝে চলাচল করবে। তবে উজানের পানি নেমে না যাওয়া পর্যন্ত সঙ্কট পুরোপুরি কাটছে না।
গত ১৯ আগস্ট থেকে নদী ভাঙ্গন ও স্রোতের কারণে এই ফেরি সার্ভিস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টানা ১৮দিন ধরে ফেরি সার্ভিস বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।
বীর শ্রেষ্ঠ রুহুল, আমানত শাহ ও শাহ আলী এই ৩টি রো রো ফেরি ছাড়াও এখন চলাচল করছে টানা ফেরি থোবাল, রানীগঞ্জ, রানীক্ষেত রায়ুপুরা ও টাপলু। কে-টাইপ ফেরি কলমীলতা, করবী, কেতকি ও কাকলী। মিডিয়াম ফেরি ফরিদপুর এবং ছোট ফেরি কর্ণফুলী।
টানা জাহাজের (আইটি) অভাবে বন্ধ রয়েছে টানা ফেরি লেন্টিং, প্রবল স্রোতে ফেরি ঢাকা চলতে পারছে না। ফেরি রামশ্রীকে মেরামতের জন্য ডগে পাঠানো হয়েছে।