বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের উপ প্রধান এ কে খন্দকার সত্যই বলেছেন। জনগণ সেটি বিশ্বাস করে। এতোদিন ধরে আওয়ামী লীগ যে মিথ্যাচার করে আসছে এ কে খন্দকারের বক্তব্যের ভেতর দিয়ে তা বেরিয়ে এসেছে। এজন্যই এখন তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বিচার করার কথা বলা হচ্ছে।
আজ শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিলাদ মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।
সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, আমরা যারা ৭ মার্চের ভাষণ সেখানে উপস্থিত থেকে শুনেছি তারা জানি বঙ্গবন্ধু তার ভাষণ শেষ করেছিলেন ‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলে। তখনকার বাস্তবতায় এটি ঠিক ছিলো। এটা বললে কাউকে খাটো করা হয় না, কেউ খাটো হন না। কিন্তু যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, তারা সবাই কলকাতায় পালিয়ে গিয়েছিলো সেহেতু ইতিহাসের এ সত্য তারা মেনে নিতে চান না।
