আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, খালেদা জিয়া ও তার দল বিএনপি জনগণের স্বার্থকে কখনো গুরুত্ব দেয়নি। দেশ জুড়ে বন্যার্তদের দুর্ভোগ লাঘবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিরলসভাবে কাজ করছেন ঠিক তখনো বিএনপি নেত্রী ষড়যন্ত্র ও চক্রান্তে ব্যস্ত হয়ে ওঠেছেন। তার কাছে জনস্বার্থের চেয়ে ক্ষমতা দখলই বড়। তবে সময় পাল্টে গেছে। বর্তমানে সাধারণ মানুষকে আর বিভ্রান্ত করা সহজ নয়।
আজ শুক্রবার বিকালে সিরাজগঞ্জের কাজীপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে স্বতঃস্ফুর্ত সমাবেশে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। তিনি বাঁধ ভাঙ্গা বানের পানিতে প্লাবিত কাজীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখেন ও মানুষের দুঃখ দুর্দশার খোঁজ খবর নেন এবং তাদের মধ্যে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেন। বন্যা চলাকালীন সিরাজগঞ্জে এটা তাঁর দ্বিতীয় দফায় বন্যার্ত মানুষের মাঝে উপস্থিতি এবং ত্রাণ বিতরণ কার্যক্রম।
মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী, মাইজবাড়ি ও চালিতাডাঙ্গায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউসে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে ত্রাণ বিতরণকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কাজীপুরে উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান, গোলাম মোস্তফা তালুকদার মধু, জিয়াউর রহমান স্বাধীন, আলী আসলাম প্রমুখ।
ইঅ/চৌফে/শ২৩৭
