তৃতীয়বারের মতো তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার ভিসা প্রত্যাখান করল দক্ষিণ আফ্রিকা। চীনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে— এমন আশঙ্কায় দেশটির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো। দেশটির একটি অনলাইনে এ খবর প্রকাশ করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আগামী মাসে দেশটিতে নোবেল শান্তি বিজয়ীদের নিয়ে অনুষ্ঠেয় সম্মেলনে দালাই লামার অংশগ্রহণ করার কথা ছিল। দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত এ ধর্মীয় নেতার প্রতিনিধি নাংসা খোয়েডন বলেন, দালাই লামাকে ভিসা দেওয়ার অনুমতি দেওয়া হবে না বলে দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের কর্মকর্তরা তাকে জানিয়েছেন। তিনি বলেন, এ কারণে এখনকার মত দালাই লামাও আর সেদেশে যাচ্ছেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে দেশটির সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত নির্দেশ আসেনি।
এ দিকে দেশটির এ সিদ্ধান্তের ফলে আসছে শান্তি সম্মেলনকে বর্জন করতে পারেন শান্তি পুরস্কার বিজয়ীরা। পুরস্কার বিজয়ীরা জানিয়েছেন, যদি দালাই দালাই লামাকে আসতে দেওয়া না হয় তবে তারাও আসবেন না। আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর এ সম্মেলন অনষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইঅ/চৌফে/শ১৬১
