ভর্তি পরীক্ষায় জালিয়াত: আটক ৩

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪৯

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- মামুন, শান্ত ও ইমরান। এদের মধ্যে মামুন ঢাকা কলেজের ছাত্র বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে আজিমপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা একটি জালিয়াত চক্রের সদস্য, যারা টাকার বিনিময়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস আকারে প্রশ্নের উত্তর পাঠিয়ে আসছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, 'গত তিনদিন ধরে এ চক্রটির ওপর নজর রাখা হচ্ছিল। আজ পুলিশের সহায়তা তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে।'

যে সময় ওই তিনজনকে আটক করা হয় তখন বিভিন্ন কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছিল। তারা ল্যাপটপ ও আই-পডের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে বিশেষভাবে এসএমএস পাঠাচ্ছিল।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় জালিয়াতির অভিযোগে সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।   

আমজাদ আলী জানান, মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে বাইরে থেকে প্রশ্নের উত্তর আদান-প্রদানের সময় ওই সাতজনকে আটক করেন তারা।

আমজাদ জানান, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে একটি জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু কয়েকজনের প্রবেশপত্রসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। ওই কাগজপত্রে মামুনের নামও পাওয়া যায়।

জালিয়াতিতে সহযোগিতা করতে কতো লাখ টাকায় চুক্তি হয়েছে এবং কোন নম্বরে যোগাযোগ করতে হবে তাও ওই কাগজপত্রে লেখা ছিল বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।