আল-কায়েদার ভিডিও নিয়ে সরকার সতর্ক রয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৩৮
 
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আল-কায়েদা ও জঙ্গিগোষ্ঠী সম্পর্কে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক রয়েছে। আল-কায়েদার ভিডিও বার্তার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেদিকে সরকারের কঠোর নজর আছে। এ ধরনের কোন কিছুকেই অবহেলা করা হচ্ছে না। এ ভিডিওর সত্যতা ও গুরুত্ব খতিয়ে দেখা হবে। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে।
আজ শুক্রবার রাজধানীর উত্তরার পশ্চিম থানার উত্তরা ৯ নম্বর সেক্টরে জামেআতুস সাহারা মাদ্রাসা মাঠে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।
আসাদুজ্জামান খান কামাল মাওলানা ফারুকী হত্যাকান্ডের উল্লেখ করে বলেন, এ হত্যাকান্ডের তদন্ত চলছে, তদন্ত শেষ হলে সব কিছু বলা যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, মাওলানা আশিকুল ইসলাম যুক্তিবাদী, বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস,এম তোফাজ্জাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন খান, মহানগর যুবলীগ ( উত্তর) সাংগঠনিক সম্পাদক মো. মামুন সরকার প্রকৌশলী আনোয়ারু ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
 

ইঅ/চৌফে/শ১৮৮