গাইবান্ধার সাদুল্লাপুর ও সাঘাটা উপজেলায় শুক্রবার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা হল সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে আশা মনি (৫) ও সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি গ্রামের নজরুল ইসলাম বাবুর ছেলে আল ওয়াহেদ (৩)।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনোয়ারুল ইসলাম জীম পরিবারের বরাত দিয়ে জানান, আশা মনি সবার অজান্তে শুক্রবার সকালে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর দুপুরে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এদিকে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, শুক্রবার সকালে সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি গ্রামের নজরুল ইসলাম বাবুর ছেলে আল ওয়াহেদ (৩) বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে সে পুকুরে পরে যায়। তাত্ক্ষনিকভাবে তাকে উদ্ধার করা হলেও সে মারা যায়।
