বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল নিজেদের কেবল প্রযুক্তি সেবার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে না। সারা পৃথিবীর মানুষের হাতের মুঠোয় নানা ধরনের সেবা এনে দিতে চাচ্ছে গুগল। তারই ধারাবাহিকতায় এখন থেকে গুগলে চিকিৎসাসেবাও পাবে ইন্টারনেট ব্যবহারকারীরা! গুগলের এই প্রকল্পটির নাম ‘কেলিকো’। চিকিৎসাসেবায় সবার আগে বৃদ্ধ ব্যক্তিদের পাশে দাঁড়াতে শুরু হচ্ছে গুগলের ‘কেলিকো’ প্রকল্পটি। ইতিমধ্যে শুধু চিকিৎসাসেবা দেওয়ার জন্য এই নামে একটি প্রতিষ্ঠান চালু করা হয়েছে। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসে দেওয়া এক পোস্টে ল্যারি জানিয়েছেন, সামাজিক যোগাযোগে ছবি শেয়ার আর প্রযুক্তিগত সুবিধা ছাড়াও কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনযাপন উন্নত করা যেতে পারে, তার জন্যই কাজ করবে কেলিকো। শুরুতে শুধু বার্ধক্যজনিত বিভিন্ন দিক ও রোগ নিয়ে কাজ করবে। পরবর্তী সময়ে অন্যান্য চিকিৎসাসেবা নিয়েও কাজ শুরু করা হবে। এতে শুধু চিকিৎসাই নয়, গবেষণা এবং উন্নয়নের কাজও চলবে। গুগলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বয়স্ক ব্যক্তিদের রোগ এবং এ-সংক্রান্ত থেরাপি ও নতুন ওষুধ আবিষ্কার করতে প্রায় ১৫০ কোটি ডলারও বিনিয়োগ করা হবে। কেলিকোর পরিচালনায় থাকছেন জিনেনটেকের সাবেক চেয়ারম্যান লেভিনসন ও সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হাল ভি ব্যারন।
