মৃত্যুর পর স্মৃতিসৌধের আশা এরশাদের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ০৩:২২

মৃত্যুর পরও মানুষকে নিজের কথা স্মরণ করিয়ে দিতে কবরে স্মৃতিসৌধ নির্মাণ করতে নেতাকর্মীদের ‘নির্দেশ’ দিলেন সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ।

গত ২ সেপ্টেম্বর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদের ছোটভাই মোজাম্মেল হোসেন লালু। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। শুক্রবার ছোট ভাইয়ের স্মরণসভায় এসে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আবেগ আপ্লুত কণ্ঠে নেতা-কর্মীদের বলেন, “আমি মারা যাওয়ার পর তোমরা আমার জন্য স্মৃতিসৌধ নির্মাণ করবে। মানুষ যেন আমাকে স্মরণ করতে পারে।”

নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর এরশাদ গ্রেপ্তার হলে তার মুক্তির জন্য ‘এরশাদ মুক্তি পরিষদ’ গঠন করেছিলেন তার ছোটভাই লালু। সে সময় এরশাদের মুক্তির পক্ষে জনমত গঠনে রংপুর অঞ্চলে ব্যাপক গণসংযোগও করেন তিনি।