জঙ্গিবাদের উত্থানের পেছনে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৭:১০

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল-কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরির ভিডিও বার্তার পর এটা পরিষ্কার যে আওয়ামী লীগ আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। তারা সেই পরিবেশ তৈরি করে। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।
আজ শনিবার সকালে ইবরাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির প্রবীণ সদস্য আর এ গনিকে দেখতে যান ফখরুল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এর আগে আওয়ামী লীগ জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে, তাদের কাজ করার ক্ষেত্র তৈরি করে দিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশে আসছেন এ ব্যাপারে মির্জা ফখরুল বলেন, জাপানের প্রধানমন্ত্রী আসছেন, এটা ইতিবাচক।
'ধর্মভিত্তিক দল থাকলেও ধর্মকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল হতে পারে না’ তারেক রহমানের এমন বক্তব্য নিয়ে বিএনপির এই নেতা বলেন, মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। তার বক্তব্য মিডিয়ায় ভুলভাবে এসেছে, সঠিক বক্তব্য আসেনি।