সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এর আগে শনিবার দুপুর একটার দিকে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান তিনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়।
জাপানি প্রধানমন্ত্রীর এই সফরে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে জাপানের পক্ষে বাংলাদেশের সমর্থন আদায় করা আবে’র সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রায় ১৪ বছর পর বাংলাদেশে আসলেন জাপানের কোন প্রধানমন্ত্রী। গত ২৫-২৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেন। ওই সময় তিনি জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এর আগে ২০০০ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন।
