আগামী সপ্তাহে ভারত মহাসাগরীয় জাতির সুনামি পরীক্ষা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৩৭
 
সুনামি বিপর্যয়ের এক দশক পরে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকার ২৪টি দেশ জাতিসংঘের উদ্যোগে মডেল পরীক্ষায় অংশ নেবে। এতে সেসব দেশগুলোর সুনামির মতো বিপর্যয় মোকাবেলা করার সক্ষমতা পরীক্ষা করা হবে। খবর: এএফপির।
ইউনেস্কোর আয়োজনে আগামী ৯ সেপ্টেম্বর এই পরীক্ষা শুরু হবে। সেসময় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণে কৃত্রিমভাবে ৯.১ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করা হবে। ৯.০ মাত্রার কৃত্রিম ভূমিকম্পটি ইরান ও পাকিস্তানের মাকরান পরিখায় সৃষ্টি করা হবে।
এক বিবৃতিতে ইউনেস্কো জানিয়েছে, উভয় পরিস্থিতিতে সৃষ্ট সুনামির ঢেউ ভারত মহাসাগরে ভ্রমণ করবে।
২০০৪ সালে ২৪ ডিসেম্বরে সুনামির কারণে দুই লাখ ৩০ হাজার মানুষ নিহত হওয়ার পর সুনামির আদলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঐ সুনামিতে ১০ লাখ মানুষ বাস্তুহারা হন।
এই পরীক্ষার মাধ্যমে ২৪টি দেশের মধ্যে যোগাযোগ প্রবাহ, সার্বিক প্রস্তুতি ও জরুরি পদক্ষেপ নেয়ার দক্ষতা পরীক্ষা করা হবে। এর মাধ্যমে সেসব দেশের দুর্বলতা চিহ্ণিত করা সম্ভব হবে।
অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস, পূর্ব তিমুর,  ফ্রান্সের বিদেশি বিভাগ লা রিইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরিতাস, মোজাম্বিক, মায়ানমার, ওমান, পাকিস্তান, সিসিলি, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়, থাইল্যান্ড ও ইয়েমেন এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।