বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বিচারপতি হাবিবুর রহমানের বইতেও প্রথমবার লেখা হয়েছিল যে, শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ উচ্চারণ করেছেন। এ কে খন্দকার তার ‘১৯৭১ এর ভিতরে ও বাইরে’ বই এ তিনি বলেছেন,’শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষাণা দিয়েছেন- এর কোনো প্রমাণ তিনি পাননি।’ সত্য বের হয়ে আসছে, কী ভাবে জিয়াউর রহমানকে দিয়ে শেখ মুজিবের পক্ষে স্বাধীনতা ঘোষণা করানো হয়। স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের কোনো প্রস্তুতি ছিল না এটাই প্রমানিত হয়েছে।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন- খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, শফিউল বারি বাবুসহ সংগঠনের নেতারা।
এম কে আনোয়ার বলেন, দেশে কোনো সরকার নেই, আছে সন্ত্রাস। চুরি, ডাকাতি, লুটপাট এটাই হল তাদের আর্দশ।
দেশে কোনো বিচার নেই এমন অভিযোগ করে এম কে আনোয়ার বলেন, দেশ এখন মহাসঙ্কটে। খালেদা জিয়া, তারেক রহমানের দিকে মানুষ তাকিয়ে আছে। আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই।বর্তমান সরকারকে পলানোর সুযোগ দেওয়া হবে না।
এম কে আনোয়ার বলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল আদর্শ ও নীতির জন্য। গণতন্ত্রের রক্ষা জন্য, যাতে শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের পর যে দলটি ক্ষমতায় আসল তারা গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে। আজকেও শেখ হাসিনা দেশকে একই অবস্থায় নিয়ে গেছেন।
তিনি বলেন, এ কে খন্দকারের বই নিয়ে সংসদের ভেতরে ও বাইরে যে সুমধুর কথায় আলোচনা হচ্ছে, তারা তা বলতেই পারে কারণ তাদের মুখেই তা মানায়। ইতিহাস লেখার অপরাধে বিচার করার ক্ষমতা ক্ষমতাসীনদের নেই। অধিকারও নেই। এর বিচার করবে জনগণ।
ইঅ/চৌফে/শ২৭২
