তিন দিনব্যাপী এশিয়ান লিটারেসি কনফারেন্স শুরু হয়েছে। আজ শনিবার আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই কনফারেন্স ও তৃতীয় জাতীয় শিক্ষক সম্মেলন চলবে সোমবার পর্যন্ত। এশিয়ার ১৫টি দেশ থেকে ৩২ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করছেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ২৫০ এর অধিক শিক্ষকও অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান গুণগত শিক্ষার ওপর জোর প্রদান করেন। তিনি ব্যানবেইস এর একটি পরিসংখ্যান উল্লেখ করে বলেন, প্রাথমিক শিক্ষায় তালিকাভূক্তির হার ৮৬.৭ শতাংশ।
শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষা প্রদানে তাদের অবদানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষকদের জন্য নীতিমালা ও এর চর্চা, মূল্যায়ন এবং পুরস্কার বিশেষভাবে প্রয়োজন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, গুণগত শিক্ষার অর্থ হলো- আমাদের সমসাময়িক বা ঐতিহাসিক জ্ঞানকে বর্তমানের সাথে সুসংগত করা, যেটা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এম.এম শফিউল্লা। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল রিডিং এসোসিয়েশনের ম্যানেজার (গ্লোবাল অপারেশন) মিস এমি সুলটি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ রিডিং এসোসিয়েশনের চেয়ারম্যান কাজী রফিকুল আলম।
ঢাকা আহ্ছানিয়া মিশন, ইন্টারন্যাশনাল রিডিং এসোসিয়েশন এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের সহায়তায় বাংলাদেশ রিডিং এসোসিয়েশন এই সম্মেলনের আয়োজন করে।
ইঅ/চৌফে/শ২০৭
