চাঞ্চল্যকর ফেলানী হত্যা

চলতি মাসে ভারতের বিশেষ আদালতে বিচার শুরু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৮:২৭
 
 
 
 
কুড়িগ্রাম সীমান্তে চাঞ্চল্যকর ফেলানী হত্যার বিচার চলতি মাসের যে কোন দিন ভারতের কুচবিহারে বিএসএফর একটি বিশেষ আদালতে পুনরায় শুরু হবে। শনিবার কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আব্রাহাম লিংকন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ভারতীয় কতৃপক্ষের আমন্ত্রনে শনিবার ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আবু হানিফ ও এ্যাডভোকেট আব্রাহাম লিংকন ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরির উদ্দেশ্যে রাজশাহীতে ভারতীয় হাই কমিশনে গেছেন। সব কিছু ঠিক ঠাক থাকলে চলতি মাসের যে কোন দিন ভারতের কুচবিহারের বিএসএফর বিশেষ আদালতে পুনরায় ফেলানী হত্যা মামলার কার্যক্রম শুরু হবে। বিচার কার্যে ফেলানীর বাবা, মামা ছাড়াও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্রহাম লিংকন ও ৪৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাটাতারের বেড়ায় বিএসএফ’র গুলিতে নির্মমভাবে নিহত হয় বাংলাদেশীে কিশোরী ফেলানী। এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় বিচার কাজ শুরু হলেও ভারতে বিএসএফ’র বিশেষ আদালত ২০১৩ সালের ১৯ আগষ্ট অভিযুক্ত অমিয় ঘোষকে বিকসুর খালাস দেয়। পরে ন্যায় বিচার পাওয়ার আশায় ভারতীয় হাইকমিশনারের নিকট নতুন করে আবেদন করে ফেলানীর পরিবার। আর এরই প্রেক্ষিতে মানবাধিকার সংস্থাসহ দেশী-বিদেশী চাপে চলতি মাসে পুনরায় শুরু হতে যাচ্ছে ফেলানী হত্যা মামলার বিচার কাজ।