জাপানের সমর্থনে নিরাপত্তা পরিষদে প্রার্থী হবে না বাংলাদেশ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৩২
 
 
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচনে জাপানকে সমর্থন করে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহার করা হবে। শনিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন। পরে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
দুই দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান শিনজো আবে। ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-জাপান বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেন তিনি।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, এশিয়া ও প্রশান্ত গ্রুপের প্রতি সংহতি ও একাত্মতা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচনে ২০১৬-১৭ মেয়াদে জাপানের প্রার্থিতা সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন ও ফ্রান্স। বাকি ১০টি পদে ভোটাভুটি করে সদস্য নির্বাচিত হয়।