এ কে খন্দকারের ভিমরতি ধরেছে: নাসিম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫৪
 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানুষের বেশি বয়স হলে ভিমরতি ধরে, এ কে খন্দকারের সেই ভিমরতি ধরেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু এই এ কে খন্দকারকে বীর উত্তম উপাধি দিয়ে মর্যাদা দিয়েছিলেন, কিন্তু তিনি খন্দকার মোশতাককে সমর্থন দিয়ে কলঙ্কিত হয়েছিলেন। আবার গত সরকার আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, কিন্তু এখন তিনি অন্যের প্ররোচণায় ভুল তথ্য দিয়ে বই লিখেছেন। দেশের মানুষ জানেন কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। কোথাকার কোন এ কে খন্দকার কি বলল তাতে কিছু আসে যায় না।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির এখন নিজেদের কথা বলার কোনো ইস্যু না থাকায় তারা অন্যের ভুল উক্তি নিয়েই লাফালাফি করছে। লাফালাফি করে লাভ হবে না। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান। শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইসহাক আলীর সভাপতিত্বে সম্মেলনের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক দানিউল হক দানী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, অধ্যাপক ডা. হাবিবে মিল্ল­াত মুন্না এমপি, অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান, সেলিনা বেগম স্বপ্না এমপি।