রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার একটি বাসা থেকে একজন চিকিত্সকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চিকিত্সকরে নাম একেএম মঈন-উস-সাফা (৫৩)। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হওয়ায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা গেছে, নিহত মঈন-উস-সাফা চট্টগ্রাম শহরের পটিয়া এলাকার নূরু-উস-সাফার ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। পূর্ব উত্তরার চার নম্বর সেক্টরের নয় নম্বর রোডের ৩২ নম্বর বাড়িতে একাই বসবাস করতেন।
সকালে একেএম মঈন-উস-সাফা নিজ বাসায় মারা যান। খবর পেয়ে পুলিশ সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে যান এবং তার লাশ উদ্ধার করেন।
উত্তরা পূর্ব থানার এসআই হাদিস হাওলাদার জানান, নিহতের লাশ সকাল ১১টার দিকে উত্তরার ওই বাসা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় লাশের পাশে মাদকদ্রবের নমুনা পাওয়া যায়। তবে তিনি কোথায় চাকরী করতেন তা জানা যায়নি।
