সালমান শাহ স্মরণে চলচ্চিত্র উত্সব শুরু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ২০:২৮

চিত্র নায়ক সালমান শাহর স্মরণে রাজধানীর বলাকা সিনে ওয়ার্ল্ড-এ শনিবার শুরু হয়েছে সপ্তাহব্যাপি চলচ্চিত্র উত্সব। বাংলা চলচ্চিত্রের প্রতিভাবান চিত্রনায়ক সালমান শাহ’র ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস্ প্রাণ আপ-এর সহযোগিতায় এ চলচ্চিত্র উত্সবের আয়োজন করে। তাঁর স্মরণে এটাই প্রথম চলচ্চিত্র উত্সব। উত্সবে সালমান শাহ অভিনীত কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা, সুজনসখি, অন্তরে অন্তরে, তুমি আমার এবং সত্যের মৃত্যু নাই ছবি প্রদর্শিত হবে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটায় রাজধানীর বলাকা সিনে ওয়ার্ল্ডে এসব চলচ্চিত্র পর্যাক্রমে প্রদর্শিত হবে।
চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, বাংলা চলচ্চিত্রের দুঃসময়ে আবির্ভাব হয়েছিলো চিত্রনায়ক সালমান শাহ’র। তিনি এসে চলচ্চিত্র অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি করেছিলেন। তাঁর অকালে চলে যাওয়ার মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আমরা আজো পূরণ করতে পারিনি।
সোহানুর রহমান বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য ও বাঙালী সংস্কৃতিকে ধরে রাখতে গণমাধ্যম ও চলচ্চিত্র পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের চলচ্চিত্র হবে আমাদের নিজেদের সংস্কৃতির ধারক। অন্য দেশের সংস্কৃতিকে আমাদের চলচ্চিত্রে স্থান দেয়া হলে আমাদের ঐতিহ্য হারিয়ে যাবে।
চিত্রনায়িকা মৌসুমী সালমান শাহ’র স্মরণে আবেগাপ­ুত কণ্ঠে বলেন, তাঁর চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি। তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন। তার অভাব কখনো পূরণ হবার নয়। তিনি বলেন, সালমান শাহ শুধু তার জন্ম বা মৃত্যু দিনে নয়, প্রতিদিন স্মরণীয়।
চিত্রনায়ক ওমর সানি সালমান শাহ’র স্মৃতিচারণ করে বলেন, আমরা সমসাময়িক সময়ের অভিনেতা। সালমান খুব অল্প সময়ের নায়ক জীবনে একজন সফল চিত্র নায়ক হয়ে উঠেছিলেন। তিনি বেঁচে থাকলে আমরা আরো অনেক ভালো চলচ্চিত্র তার কাছ থেকে পেতাম।
সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে সালমান শাহ’র অভিষেক ঘটে। তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী। একই ছবিতে মৌসুমীও চলচ্চিত্র জগতে পা রাখেন। সালমান শাহ চলচ্চিত্রে কাজ করেছেন মাত্র সাড়ে তিন বছর। এর মধ্যে তিনি ২৭ টি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি বিজ্ঞাপনচিত্র এবং টিভি নাটকেও অভিনয় করেন। তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানের শুরুতে সালমান শাহ’র স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সালমান শাহ’র স্মরণে আয়োজিত চলচ্চিত্র উত্সবে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রাণ আপ-এর প্রতিনিধি মনিরুল ইসলাম এবং সুজন মাহমুদ, চিত্র পরিচালক অনন্তজলিল, চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়ক নিরব, ইমন, তানভির এবং চিত্রনায়িকা আইরিন। সূত্র-বাসস।