সিরিয়ার রাক্কা শহরে আইএস জঙ্গিদের একটি প্রশিক্ষণকেন্দ্র ও রুটি কারখানায় বিমান হামলা চালিয়েছে আসাদ বাহিনী। শনিবার ওই হামলায় আটজন বেসামরিক নাগরিকসহ অন্তত ১৭ নিহত হয়েছে। খবর রয়টার্স।
উত্তরাঞ্চলীয় রাক্কা প্রদেশে প্রায় এক বছর ধরে ‘খেলাফত’ ধাঁচের রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আইএস। অাগস্টের শুরুর দিকে রাক্কায় প্রেসিডেন্ট আসাদের নিয়ন্ত্রণে থাকা সামরিক বিমানবন্দরটির দখল নিয়ে ওই অঞ্চলে নিজেদের দখল চূড়ান্ত করে জঙ্গি সংগঠনটি। এ সময় বিপুল সংখ্যক আসাদ সমর্থক সেনাকে হত্যা করা হয়।
স্থানীয় মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দুলরহমান বলেন, শনিবার সরকারি বাহিনীর বিমান রাক্কায় আইএস পরিচালিত একটি রুটি কারখানায় (বেকারি) বোমা হামলা চালায়। এছাড়া আইএস- এর আদালতের হিসেবে ব্যবহৃত একটি ভবন ও জঙ্গিদের একটি প্রশিক্ষণ কেন্দ্রেও এদিন হামলা হয়।
