তারেক রহমান আইএসআই’র এজেন্ট: হানিফ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ২১:৫৯


 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি আইএসআই’র দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং এ দলের নেতা তারেক রহমান আইএসআই’র এজেন্ট হিসেবে কাজ করছে।
শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
২০০১ সালে হাওয়া ভবন থেকে জঙ্গিবাদের উত্থান হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এখন বাংলাদেশে আল কায়দার যে ঘাঁটি গাড়ার কথা শোনা যাচ্ছে তার সাথে তারেক রহমানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বাভাবিক নয়।’
তিনি সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বলেন, একে খন্দকার নিজেই তার বইয়ে লিখেছেন বয়সের কারণে তার চিন্তা শক্তি লোপ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বাইরের কোনো অপশক্তি তাকে দিয়ে এ সকল বিভ্রান্তিকর কথা লিখিয়েছেন।
কুষ্টিয়া - ১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।