রাজধানীর খিলগাঁও থানা এলাকায় উম্মে কুলসুম ওরফে ঋতু (১৫) নামের এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। ঋতু স্থানীয় ইস্ট পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ছিল। ঋতুর পরিবার ও শিক্ষকদের অভিযোগ, স্থানীয় এক বখাটের অত্যাচার ও শ্লীলতাহানির চেষ্টা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে উম্মে কুলসুম ঋতুকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বজন ও শিক্ষকেরা। রাত নয়টার দিকে সে মারা যায়। কর্তব্যরত চিকিত্সক জানান, বিষক্রিয়ায় ঋতুর মৃত্যু হয়েছে।
ঋতুর নানী ফাতেমা ঋতুদের সঙ্গে থাকেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্রন্দনরত অবস্থায় তিনি সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, সকালে ঋতুর বাবা-মা কর্মস্থলে যাওয়ার পর শিমুল চন্দ্র নামের এক যুবক বাসায় ঢোকেন। শিমুলের সঙ্গে আসা আরও কয়েকজন বাইরে ছিল। শিমুল বাসায় ঢুকেই উম্মে কুলসুমকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এক পর্যায়ে গালিগালাজ করে শিমুলেরা চলে যান। সন্ধ্যার দিকে আবারও কয়েকজন যুবকসহ শিমুল বাসার সামনে এসে উম্মে কুলসুমকে গালিগালাজ করতে থাকেন। বিভিন্ন ধরনের কথা বলে অপমান করে। তখন তিনি শিমুলদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন। এর মধ্যে হঠাৎ করে বাসার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় ঋতু। অনেক ডাকাডাকির পর দরজা খোলেন। কিন্তু তখন তার নাক মুখে ফেনা দেখা যায়। এক পর্যায়ে কাত হয়ে মেঝেতে পড়ে যায় সে। ধরাধরি করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে।
