দৌলতদিয়া যৌনপল্লীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১১:৫০

রাজবাড়ীতে একটি যৌনপল্লীতে রিপন মণ্ডল (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার ভোররাতের দিকে  গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন রিপনের বন্ধু ফরিদ সরদার (২২)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রিপন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিএনপি নেতা মোহন মণ্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথ-ইস্ট ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল খালেক জানান, দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি চারটি গুলি করেছে। গুলি চারটি নিহতের মাথায়, মুখে বিদ্ধ হয়েছে।
তিনি বলেন, এটি যৌনপল্লীর ভেতরের ঘটনা। তাই কীভাবে ঘটনাটা ঘটল‑ এখনই বলা সম্ভব নয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।