শিক্ষক লাঞ্চিত, সড়ক অবরোধ-ভাংচুর

এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১২:১১

শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করায় এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ও মালিক সমিতি। আজ রবিবার সকাল থেকেই এ সড়কে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রা পথে দুর্ভোগ পোহাচ্ছে ৪ উপজেলার হাজার হাজার মানুষ।
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানিয়েছেন, শিক্ষক লাঞ্চিতের মীমাংসার জন্য আজ সকালে শালিশী বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শনিবার কিবেলে হঠাৎ বাস ভাংচুর করে আমাদের ক্ষতি করা হয়েছে। এর সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না হওয়া পর্যন্ত কাল থেকে সাড়া জেলায় বাস চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, শনিবার সকাল ৮টার দিকে বেতিল হাইস্কুলের শিক্ষক জয়নাল আবেদিন তিথি এন্টারপ্রাইজের বাসে চরে স্কুলে আসার পথে গাড়ির সুপারভাইজারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে লাঞ্চিত করে। এ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক কয়েকশ বিক্ষুব্ধ ছাত্র স্কুল সংলগ্ন এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে ২ ঘণ্টা অবস্থান নিয়ে ঐ সুপারভাইজারের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করে। খবর
পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে শালিশী বৈঠকে বিচারের আশ্বাস দিলে ছাত্ররা তা প্রত্যাহার করে নেয়। পরে হঠাৎ করে বিকেলে ছাত্ররা এ সড়কে একটি বাস ভাংচুর করে। এরই প্রতিবাদে বাস ধর্মঘট ডেকেছে শ্রমিক-মালিক ঐক্য পরিষদ।