নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উর্মি (৮) নামে এক স্কুল ছাত্রী নিহত ও তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঊর্মি উপজেলার হারোয়া গ্রামের মেহেদী হাসানের একমাত্র মেয়ে ও বনপাড়া মিশন প্রাইমারি স্কুলের ২য় শ্রেণির ছাত্রী।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, শনিবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুরে ঈশ্বরদী থেকে বনপাড়াগামী মোটরসাইকেলের সাথে পাবনাগামী পিক-আপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের সামনে বসা ঊর্মি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক ঊর্মির বাবা মেহেদী হাসান (৩৪) ও মা স্বপ্না খাতুন (২৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করেন। তারা ঈশ্বরদীতে আতœীয়ের বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
