মানবতাবিরোধী অপরাধে জব্বারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৪:১৮

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি পলাতক আবদুল জব্বার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ রোববার প্রথম সাক্ষী মো. শোয়েবুর রহমান গোলদারের জবাববন্দি গ্রহণ করা হয়।
এর আগে ট্রাইব্যুনালে জব্বারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য দেন প্রসিকিউটর জাহিদ ইমাম।
একাত্তরে হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগসহ পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের সাবেক সংসদ সদস্য আবদুল জব্বার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে গত ১৪ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করা হয়। গত ১ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ছাড়াও ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিতকরণ, ৫৫৭টি বাড়িঘরে লুটপাট চালানো ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।