মেক্সিকো উপকূলে হারিকেন নরবার্টের আঘাত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৪:২৬
 
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শনিবার হারিকেন নরবার্ট আঘাত হেনেছে। এর কারণে আড়াই হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। নরবার্টের আঘাতে ব্যাপক বৃষ্টিপাতের ফলে জেলেদের একটি গ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। খবর: এএফপির।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা জানায়, নরবার্ট আরো শক্তিশালী হয়ে তৃতীয় ক্যাটাগরির হারিকেনে পরিণত হয়। তবে শনিবার সন্ধ্যা নাগাদ এটি দুর্বল হয়ে দ্বিতীয় ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়। হারিকেনের কেন্দ্রস্থলে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় নরবার্ট আরো দুর্বল হয়ে পড়তে পারে। তবে বাজা উপদ্বীপের মধ্য ও উত্তরাঞ্চল মূলত নরবার্টের ধাক্কা সামলাচ্ছে। এ অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
কোমোন্দু অঞ্চলের মেয়র ভেনাসটিয়ানো বলেন, উপকূলীয় অঞ্চলে নরবার্ট আঘাত হানার পর আড়াই হাজারেরও বেশি লোককে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। 
নরবার্টের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে সান কার্লোসের জেলেদের গ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ঐ গ্রামটিতে সাত হাজার লোক বসবাস করে।
পৌরসভা বেসামরিক সুরক্ষা ইউনিটের পেড্রো গার্জা বলেন, সান কার্লোসের বিভিন্ন এলাকায় তিন ফুট উঁচু পানি জমেছে।