ব্রিটিশ ভিসা কার্যক্রম নয়াদিল্লিতে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৫:০২
ব্রিটিশ ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে ভারতের নয়াদিল্লিতে স্থানান্তরের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গ্রেটার সিলেট ডেপেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ রবিবার সিলেট বিভাগের কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
এতে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলা উদ্দিন আহমদ, কবি তাহমিনা বেগম গিনি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মোতালিব মমরাজ, প্রেসক্লাব সভাপতি মো. নাহিজ, এডভোকেট মো. আব্দুল কাইয়ুম, সাংবাদিক ফোরাম সভাপতি মশিউর রহমান কামাল, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ। এ সংক্রান্ত ঘোষণাপত্র পাঠ করেন এডভোকেট শামীম আহমেদ।
 
যুক্তরাজ্য সরকারের এমন সিদ্ধান্তে ভিসা প্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের হয়রানি হওয়ার আশঙ্কা ব্যক্ত করে বক্তারা অবিলম্বে তা বাতিলের দাবি জানান।