ঝালকাঠির রাজাপুরের বড়ইয়ায় বিষখালি নদীতে আকস্মিক নদী ভাঙনে সাতটি বসতবাড়ি ও বিস্তীর্ণ এলাকার ফসলি ও গাছের বাগান বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত তিনটা থেকে বড়ইয়ার বিষখালি নদীতে আকস্মিক ভাঙন শুরু হয়। এতে বড়ইয়ার ডাক্তারবাড়ির জলিল ডাক্তার, সেলিম খলিফা, সেকেন্দার খলিফা বেলায়েত হোসেন, ইয়াকুব আলী, ইলিয়াস খলিফা ও সত্তার খলিফার বসতঘর ফসলি জমি ও তাদের এক একর জমির সুপারি ও অন্যান্য গাছের বাগান নদীতে বিলীন হয়ে গেছে। এ সময় স্থানীয় বড়ইয়া ডিগ্রি কলেজের যাত্রী ছাউনি ও অস্থায়ী লঞ্চঘাটটিও নদী গর্ভে চলে যায়। ভাঙন কবলিত ওইসব পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও কোন সাহায্যের আশ্বাস না পাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী জলিল ডাক্তার বলেন, ‘রাতেও ঘরে ঘুমিয়ে ছিলাম আর সকালে সবকিছু শেষ হয়ে গেছে। জমি নদী আর ঘরবাড়ি হারিয়ে আমরা এখন পথের মানুষ হয়ে গেছি।’
অপরদিকে অব্যাহত এ ভাঙনের পর চরম ঝুঁকিতে রয়েছে বড়ইয়া ডিগ্রি কলেজসহ শতাধিক বসতবাড়ি ও স্থাপনা।
রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান মনির বলেন, ‘এমন ভয়াবহ ভাঙন এ এলাকার আর দেখা যায়নি। ভাঙন কবলিত ওইসব পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের তাৎক্ষণিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
