অধিক মুনাফার প্রবণতা দুর্ঘটনার জন্য দায়ী: প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২৭

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌযানগুলো তৈরির সময় সঠিক ডিজাইন করা উচিৎ। ঝড় এলে কিভাবে নদীতে টিকে থাকবে, সে কথা মাথায় না রেখে শুধু পয়সার কথা চিন্তা করা হয়। ফলে বেশি করে কেবিন বানানো, বেশি করে যাত্রী নেয়া, এগুলো করতে যেয়েই দুর্ঘটনা হয়। মালিকদের অধিক মুনাফা করার প্রবণতা বেশিরভাগ দুর্ঘটনার জন্য দায়ী।
আজ রবিবার সকালে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী বলেন, ছোট খাট বাতাসে লঞ্চ ডুবে যাবে এটা তো হতে পারে না। সেদিকে লক্ষ্য রেখে ডিজাইনটা এমন হওয়া উচিৎ যাতে যেকোন অবস্থায় এটা ভাসমান থাকতে পারে। এ জন্য নৌযানের সঠিক নকশা নিশ্চিত করার পাশপাশি চালকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে নির্দেশ দেন তিনি।
সম্প্রতি মাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, ওই ঘটনা খুবই দুঃখজনক। চোখের সামনে দেখা যাচ্ছে অথচ মানুষগুলো বাঁচতে পারছে না। নিশ্চয়ই সেখানে কোন লাইফবয়া ছিল না, নিজেদের রক্ষার কোন ব্যবস্থা ছিল না।