শিক্ষানবিশ চিকিত্সকদের কর্মবিরতিতে যাওয়ায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে ধর্মঘট স্থগিত করে কাজে ফিরেছে নার্সরা। এ পরিস্থিতিতে চিকিত্সা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। অনেক রোগীকেই হাসপাতাল ছেড়ে চলে যেতে দেখা গেছে।
শনিবার হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সক রকিবুল ইসলাম সুজন সিনিয়র নার্স বকুল রানী দাসকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়রা। পরে তাদের আন্দোলনের মুখে রবিবার রকিবুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। কিন্তু তারপরও তাকে চিকিত্সা সনদ না দেয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যান সেবিকারা।
IMG0
এরপর দুপুরে হাসপাতালটির নার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক জরিনা খাতুন তাদের কর্মবিরতির কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেন। তিনি জানান, নার্সরা কালো ব্যাজ ধারণ করে কাজ চালিয়ে যাবেন। তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়ার পরপরই কর্মবিরতিতে যান শিক্ষানবিশ চিকিত্সকরা।
ইন্টার্ন চিকিত্সকদের মুখপাত্র কাজী ইফতেখার আমিন বলেন, কাজের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা, ইন্টার্ন চিকিত্সক রকিবুল ইসলাম সুজনের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং ওই সেবিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে সোমবার সকাল ১০টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে আমরা লাগাতার কর্মবিরতিতে যাব।
