দেশে তৈরিপোশাক কারখানাগুলোতে যে ক্রুটি পাওয়া গেছে, তাতে ঝুঁকির পরিমাণ শতকরা ২ ভাগের কম উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ক্রেতাগোষ্টীর সহায়তায় কারখানাগুলোর কাজের পরিবেশ ও নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় এক হাজার নয় শত কারখানা পরিদর্শন কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাত্র ১৯টি কারখানায় ক্রুটি পাওয়া গেছে। এতে ঝুঁকির পরিমান শতকরা ২ ভাগের কম।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ ধরনের ঝুঁকি শতকরা ২ ভাগের বেশি গ্রহণযোগ্য। ক্রুটিগুলো সমাধানের কাজ চলছে। প্রতিবেশি ভারত, শ্রীলংকার মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশ তৈরী পোশাক খাতে এগিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
আজ রবিবার সচিবালয়ে সোসাল কমপ্লায়েন্স ফোরাম ফর আরএমজি-এর ২৫তম সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরিপোশাক রপ্তানি খাতে বিশ্ব বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে চীন। গত অর্থবছর মোট রপ্তানি ছিল ৩০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে তৈরিপোশাক রপ্তানির পরিমাণ ছিল ২৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে তৈরিপোশাক রপ্তানির বড় বাজার হবে জাপান। চলতি বছর জাপানের বাজারে ১ বিলিয়ন মার্কিন ডলারের তৈরিপোশাক রপ্তানি করা সম্ভব হবে। জাপান বাংলাদেশকে ইতোমধ্যে ডিউটি ফ্রি সুবিধা দিয়েছে। সেখানে বাংলাদেশের তৈরিপোশাক রপ্তানি বেড়েই চলছে।
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা দেয় না উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, তৈরিপোশাক রপ্তানির উপর জিএসপি সুবিধা তারা দেয় না। যদিও বর্তমানে কোন দেশকেই জিএসপি সুবিধা দেওয়া হচ্ছে না। মার্কিন কংগ্রেসে জিএসপি সুবিধা প্রদানের সিদ্ধান্ত হলে বাংলাদেশ সে সুবিধা পাবে বলে বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও-এর বালি প্যাকেজ বাস্তবায়িত হলে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। সেই সাথে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে আত্ম প্রকাশ করবে।
আজ সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম রব্বানী, বিজিএমইএ-এর সভাপতি মো. আতিকুল ইসলাম, বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেমসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএলও, বিনিয়োগ বোর্ডসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইঅ/চৌফে/শ৩২৮
