এ কে খন্দকারের বই বিকৃত তথ্যে ভরা : ড. নূরন নবী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৩৬
 
 
যুক্তরাষ্ট্র প্রবাসী ড. নূরন নবী একাত্তরে রণাঙ্গনের একজন বীর যোদ্ধা। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির একজন সক্রিয় রাজনীতিক এবং নিউজার্সি রাজ্যের প্লেইনস বরো শহরের নির্বাচিত কাউন্সিলম্যান তিনি। বহুল আলোচিত মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘বুলেটস অব ৭১; এ ফ্রিডম ফাইটার স্টোরি’-এর লেখকও তিনি। মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর  হয়ে সমর কৌশলের জন্য তাকে ‘দ্য ব্রেইন’ উপাধি দেওয়া হয়েছিল।
রণাঙ্গণের এই বীর মুক্তিযোদ্ধা তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, মুক্তিযুদ্ধের সহ-অধিনায়ক ও আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের লেখা বইয়ে অনেক বিকৃত তথ্য রয়েছে। তিনি বলেন, ‘ছাত্রলীগের একজন স্বেচ্ছাসেবক হিসাবে আমি সাতই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত ছিলাম। আমি নিজ কানে শুনেছি বঙ্গবন্ধু 'জয় বাংলা' বলে তার ঐতিহাসিক ভাষণ শেষ করেছেন। বঙ্গবন্ধু 'জয় পাকিস্তান' বলেননি।’
এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার তার সদ্য প্রকাশিত বই ‘৭১: ভেতরে বাইরে’-এ  যে মন্তব্য করেছেন তাতে হতাশা ও দুঃখ প্রকাশ করে ড. নূরন নবী বলেন, একটি মীমাংসিত বিষয়ে তিনি কেন বিতর্ক সৃষ্টি করছেন তা আমি বুঝতে অপারগ। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, মুক্তিযুদ্ধের সহ-অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হিসাবে তার বইয়ের এই বিকৃত তথ্য মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতকে শক্তিশালী করবে। এ ছাড়া বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে নুতন করে কালিমালিপ্ত করার অপচেষ্টা হবে। তিনি অবিলম্বে বইটি প্রত্যাহার করে তাতে সঠিক তথ্য সন্নিবেশিত করে বাজারে ছাড়ার আহবান জানান। অন্যথায়, এ কে খন্দকার নিজেও কালিমাযুক্ত হবেন বলে উল্লেখ করেন ড. নূরন নবী।
 

 

ইঅ/চৌফে/শ২২৭