সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারের অংশ হয়ে কেউ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে সমালোচনা বা আন্দোলন করতে পারেন না। অথচ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এ কাজটি করে দ্বিচারিতা করছেন।’
রবিবার দুপুরে সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারে থেকে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইলে সরকারি ফোরামে অথবা জোটের ফোরামে বক্তব্য রাখতে হবে, নীতিগতভাবে ওপেনলি বক্তব্য রাখার কোনো স্কোপ নেই।
ওবায়দুল কাদের বলেন, যারা অপজিশন হিসেবে স্বীকৃত তারাই আন্দোলন করতে ব্যর্থ হচ্ছে। সুতরাং এরশাদ সাহেব হয়তো কৌশলগত কারণেই সরকারের বিরুদ্ধে এখন বলতে শুরু করেছেন। পরবর্তীতে তিনি কি বলবেন সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে।
মন্ত্রিসভায় থাকা জাপার তিন সদস্যের পদত্যাগের খবরের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, কেউ যদি জোট থেকে চলে যেতে চায় আমরা তাকে জোর করে ধরে রাখতে পারি না, চাইও না। এটা সম্পূর্ণ তাদের নিজস্ব এখতিয়ার।
