শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারের বিগত চার বছরে ১ হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।
রবিবার সংসদে সরকারি দলের সদস্য সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে আরো বলেন, দেশে বর্তমানে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ১৩১টি।
সরকারি দলের মো. শফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, এমপিওবিহীন বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তবে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও প্রাপ্তি স্বাপেক্ষে এমপিও নির্দেশিকা অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এমপিওভুক্ত করা হবে।
সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমান ক্ষমতায় আসার পর এ পর্যন্ত সারাদেশে ৬টি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়েছে। বিদ্যালয়গুলো হলো- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট পাটগ্রামের দহগ্রাম উচ্চ বিদ্যালয়, খুলনার ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাজধানী তেজগাঁওয়ের শহীদ মনু মিয়া উচ্চ বিদ্যালয়, বান্দরবানের থানচি উচ্চ বিদ্যালয়।
