তারেকের স্ত্রীর চাকরিচ্যুতির প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষকের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ২১:২২
 
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে চাকরিচ্যুতি এবং এ বিষয়ে জাতীয় সংসদে অসৌজন্যমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১ জন শিক্ষক।
আজ রবিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন তারা। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১ জন শিক্ষকসহ রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, সিলেট শাহজালাল, খুলনা, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি, কবি নজরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, বিএসএমএমইউ, বিএসএমকৃবি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার একজন শিক্ষক রয়েছেন।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলেন, পারিবারিক এবং মানবিক কারণে ডা. জুবাইদা রহমান সরকারি বিধি অনুযায়ী প্রবাসে অবস্থান করছেন। সম্পূর্ণ রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একজন সম্মানীত নারী চিকিত্সকের চাকরিচ্যুতিকে হাস্যরস ও তাচ্ছিল্যের বিষয় বানিয়ে জাতীয় সংসদে অসৌজন্যমূলক বক্তব্য উপস্থাপন সুস্থ মানসিকতার পরিচয় বহন করে না। এ ধরনের বাক্যালাপ শিষ্টাচার বহির্ভূত, অনাকাঙ্খিত এবং নিন্দনীয়। দেশ-বিদেশে তাকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার ঘৃণ্য উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। তারা বলেন, ডা. জুবাইদা রহমান একজন খ্যাতিমান চিকিত্সক। তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কন্যা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ডা. জুবাইদা রহমানকে চাকরি হতে অব্যাহতি প্রদানের বিষয়টি সংসদে উত্থাপন করে হাস্যরসের অবতারণা করে দেশের একজন নারীর সম্মানের প্রতি চরম অবমাননা করা হয়েছে বলে আমরা মনে করি। এতে আমরা উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হলেন— অধ্যাপক ড. আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক. ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, অধ্যাপক, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আবুল হাসনাত, অধ্যাপক লুত্ফুর রহমান, অধ্যাপক আ কা ফিরোজ আহমদ, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আবদুল আজিজ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মোহাম্মদ সফিউল্ল্যাহ, অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার প্রমুখ।
 
ইঅ/চৌফে/শ৩৬৯