আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারপতিদের রায়ের সাথে অভিশংসনের কোনো সম্পর্ক নেই। রায়ের জন্য তাঁরা অভিশংসনের মুখোমুখি হবেন না। তিনি বলেন, সংসদ কর্তৃক অভিশংসন ব্যবস্থায় বিচারকদের স্বাধীনতা একবিন্দুও ক্ষুণ্ন হবে না।
রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ সমপর্যায়ের বিশেষ জজ ও জুডিসিয়াল কর্মকর্তাদের সপ্তাহব্যাপী ১২৩তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, কেবল বড় ধরনের অসদাচরণ ও অযোগ্যতার অভিযোগ প্রমাণিত হলেই বিচারপতিগণ অভিশংসনের সম্মুখীন হবেন; অন্য কোনো কারণে নয়। অভিশংসনের যাতে অপব্যবহার না হয় আইনটি সেভাবেই প্রণীত হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রশিক্ষণার্থী বিশেষ জজদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, দেশে ২০ লক্ষাধিক বিচারাধীন মোকদ্দমার জট কমিয়ে আনা বিচারকদের জন্য বড় চ্যালেঞ্জ। এ মামলা জট কমাতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং এ বিষয়ে সরকার ইতোমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশিক্ষণার্থী বিচারকবৃন্দের আইন বিষয়ে পড়াশুনা থাকলেও বিচারকাজের গুণগতমান উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
