একুশে টেলিভিশনের (ইটিভি) বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে পুলিশি নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠনে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত সম্পন্ন করে আগামী ২১ অক্টোবর প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ওই নির্যাতনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর রেকর্ড করতে কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।
গত ২৮ আগস্ট অখিল পোদ্দার কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশি নির্যাতনের শিকার হন। এ ঘটনায় কুমারখালী থানায় মামলা (এফআইআর) করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরবর্তীতে তাকে চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিত্সাধীন অবস্থায় হাইকোর্টে রিট আবেদন করেন অখিল পোদ্দার। তার পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুনানি করেন।
ইঅ/চৌফে/শ১৩৫
